বলিভিয়ার দক্ষিণাঞ্চলের এক মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গিরিসঙ্কটে পড়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার সকালে অরুরো ও পোতোসি শহরের মধ্যবর্তী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশের মুখপাত্র লিমবার্ট চোকি জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন।
পুলিশ জানায়, ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে প্রায় ৫০০ মিটার নিচের গিরিসঙ্কটে গড়িয়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে এবং কীভাবে দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুয়িস আর্সে।
এর আগে, শনিবার ভোরে পোতোসি অঞ্চলে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৩৯ জন আহত হন। ওই ঘটনায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল।
সড়ক নিরাপত্তা নিয়ে বলিভিয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে কাজ করছে বলে জানিয়েছে।



