বাংলাদেশে দক্ষতা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে ক্লাউডক্যাম্প ফাউন্ডেশন তাদের এআই-ভিত্তিক ওপেনসোর্স ক্যারিয়ার ম্যানেজমেন্ট টুল ‘ক্যারিয়ার ক্যানভাস’ চালু করেছে। ঢাকায় আয়োজিত এর উদ্বোধনী অনুষ্ঠানে দেশের তথ্যপ্রযুক্তি ও শিক্ষাখাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
ক্যারিয়ার ক্যানভাস মূলত নবম শ্রেণি, এসএসসি, এইচএসসি, পলিটেকনিক, মাদ্রাসা ও বিশ^বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তৈরি একটি উন্মুক্ত ও স্বয়ংসম্পূর্ণ ক্যারিয়ার উন্নয়ন প্ল্যাটফর্ম। এটি শিক্ষার্থীদেও গ্লোবাল স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার পরিকল্পনা ও আন্তর্জাতিক ক্যারিয়ার গাইডেন্স পাওয়ার সুযোগ প্রদান করে।
ক্যারিয়ার ক্যানভাস কীভাবে শিক্ষার্থীদের সহায়তা করবে: সাইকোমেট্রিক বিশ্লেষণ- শিক্ষার্থীদের স্বপ্ন, শক্তি ও ক্যারিয়ারের সম্ভাব্য পথ চিহ্নিত করতে সহায়ক; আকাঙ্খিত ক্যারিয়ার পরিকল্পনা- ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সঠিক ক্যারিয়ার গড়ার পথ নির্দেশক; বিশ^ব্যাপী চাকরির প্রবণতা- গ্লোবাল চাকরির বাজার বিশ্লেষণ ও হালনাগাদ তথ্য প্রদান; ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন- স্কিল গ্যাপ এনালাইসিস ও কাস্টমাইজড স্কিল ট্রেনিং ম্যাপিং; পেশাগত ব্র্যান্ডিং ও ক্যারিয়ার উন্নতি- শিক্ষার্থীদের পেশাদার পরিচয় গড়তে সহায়তা করা এবং চাকরির বাজারে সঠিকভাবে নিজেকে উপস্থাপন করা।
প্ল্যাটফর্মটি তৈরি করেছেন বাংলাদেশের প্রযুক্তি ও নন-টেক পেশাদারদের স্বেচ্ছাসেবী দল, যারা ক্যারিয়ার উন্নয়নে কৃত্রিম বৃদ্ধিমত্তার ভূমিকা নিশ্চিত করতে একসাথে কাজ করেছেন।
ক্লাউডক্যাম্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ জামান উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের কর্মশক্তিকে আধুনিক চাকরির বাজারের উপযোগী করতে এআই-চালিত ক্যারিয়ার পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। ক্যারিয়ার ক্যানভাস সেই লক্ষ্যে তৈরি করা হয়েছে- যাতে শিক্ষার্থীরা দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার পরিকল্পনার সঠিক দিক-নির্দেশনা পায়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাউডক্যাম্প ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মাহবুব জামান; ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চিফ অপারেটিং অফিসার জিয়াউদ্দিন আহমেদ, নেটকম লার্নিং এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আবদুর রহমান মামুন প্রমুখ।
অনুষ্ঠানে ক্যারিয়ার ক্যানভাসের মূল ডেভেলপার শাহিদ হোসেন, তানভির আহমেদ খান, মাহমুদুর রহমান ও আজিম তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা বলেন, এই প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে তারা নিজেদের স্কিল ডেভেলপ করতে পেরেছেন এবং নতুন উদ্ভাবনী প্রযুক্তির সাথে কাজ করার সুযোগ পেয়েছেন। ক্যারিয়ার ক্যানভাস সম্পর্কে আরও জানা যাবে https://careercanvas.pro ওয়েবসাইটে।



