Friday, March 6, 2026
হোমখবররাজনীতিসরকার গুমের মতো ‘মনুষ্যত্বহীন’ কাজ এখনও অব্যাহত রেখেছে: রিজভী

সরকার গুমের মতো ‘মনুষ্যত্বহীন’ কাজ এখনও অব্যাহত রেখেছে: রিজভী

সম্পর্কিত সংবাদ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আগামীকালি বুধবার ঢাকা মহানগরসহ দেশব্যাপী সকল জেলা ও মহানগরে ‘মুখে কালো কাপড় বেঁধে কালো ব্যানারসহ মিছিল’ করবে বিএনপি। আজ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষনা করেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘প্রায় ৬০০ এর অধিক মানুষ গুমের শিকার হয়েছেন। এদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, তরুন, যুবক, ছাত্র, সাংবাদিক ও অধিকার গ্রুপের লোকজন। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০ জনের মতো মানুষের লাশ উদ্ধার হয়েছে এবং বহুদিন পর অনেক-কে গ্রেফতার দেখানো হয়েছে। এদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছে। এখনও অসংখ্য গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি।’

তিনি আরও বলেন, ‘প্রায় সকলেই দাবি করেছেন যে, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়েই তাদের তুলে নিয়ে যাওয়া হয়। গুম হওয়া অনেককেই নিজ বাসায় পরিবারের সদস্যদের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অথবা আশেপাশের পাড়া-প্রতিবেশী বা দোকানপাটে দাঁড়ানো লোকজন স্বচক্ষে দেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনদেরকেই তুলে নিয়ে যেতে। গুমের মতো ঘটনা মানবতার শত্রুদের দ্বারাই করা সম্ভব।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আন্তর্জাতিক চাপ থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে অবৈধ সরকার গুমের মতো মনুষ্যত্বহীন কাজ এখনও অব্যাহত রেখেছে। যে সরকার নিজ জাতিসত্তার সীমানায় বিভাজনের বীজ বপন করে তারা যে নির্দয় মনোবৃত্তি নিয়ে চালিত হয়ে মনুষ্যত্বহীন কাজ করবে, এটাই স্বাভাবিক। ছাত্র-যুবকদের তুলে নিয়ে যাওয়ার পর অস্বীকার করাটা এখন আইন শৃঙ্খলা বাহিনীর রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘গুমের শিকার ব্যক্তিদের তাদের পরিবারের কাছে আজও ফিরিয়ে দেয়া হয়নি। প্রধানমন্ত্রী ইন্সট্যান্ট কান্নায় পারদর্শী, কিন্তু গুম হওয়া স্বজনদের কান্না দেখে তাঁর মন গলে না। সন্তান হারিয়েছে প্রিয় বাবাকে, মা হারিয়েছে প্রিয় সন্তানকে, স্ত্রী হারিয়েছে স্বামীকে। বছরের পর বছর চলে গেলেও প্রিয় মানুষটির অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের বুকে হাহাকার চলছে। দেশের মানুষ আজ অসহায নিরুপায় অশ্রুসিক্ত চোখে স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছে।’

এসময় গত ২৮ ও ২৯ জুলাই থেকে আজ পর্যন্ত বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে দেড় হাজারের বেশি নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রিজভী। তিনি অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। তিনি জানান, ওই সময়ে প্রাপ্ত তথ্যানুযায়ী , মোট মামলা ৩২৭ টি, আসামী ১৩ হাজার ৪৩০ জন এবং মোট গ্রেফতার ১৬২০ জন।

সম্প্রতি

আরও খবর