জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামীকাল শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির শীর্ষ নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া, প্রধান সমন্বয়কারী হিসেবে থাকছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম।
আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত কমিটির চারজন দায়িত্বশীল নেতা দলের নাম ও চূড়ান্ত হওয়া পদগুলোর বিষয়ে নিশ্চিত করেছেন।
বৈঠক সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে এখনো নেতৃত্ব চূড়ান্ত হয়নি। শুক্রবারের অনুষ্ঠানে এসব পদসহ দলের পূর্ণাঙ্গ কাঠামো ঘোষণা করা হবে।



