Thursday, March 5, 2026
হোমখবররাজনীতিভোট কারসাজি দলেরই ক্ষতি ডেকে আনে: সিইসি

ভোট কারসাজি দলেরই ক্ষতি ডেকে আনে: সিইসি

সম্পর্কিত সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট কারসাজি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আপাতদৃষ্টিতে জয় পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে তা দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের এক আলোচনায় সিইসি বলেন, “ইতিহাস সাক্ষ্য দেয়, ভোট সন্ত্রাস করে সাময়িকভাবে জেতা গেলেও শেষ পর্যন্ত তা দল ও দেশের সর্বনাশ ডেকে আনে।”

ভোটের সুষ্ঠুতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোকে কারসাজি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা ১৮ কোটি মানুষের ভোটাধিকার রক্ষায় লড়াই করছি। আমাদের পাশে থাকুন, আমাদের সহায়তা করুন।”

সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “দিন-রাত শয়নে-স্বপনে একটাই ভাবনা—সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। আমাদের ওপর মানুষের প্রত্যাশা বেড়েছে, আমরা সেই আস্থার প্রতিদান দিতে চাই।”

নির্বাচনী আচরণবিধিতে লিখিত প্রতিশ্রুতির প্রস্তাব

নির্বাচনী আইন ও আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি নেওয়ার প্রস্তাব দিয়েছেন সিইসি। তিনি বলেন, “সব রাজনৈতিক দলই গ্রহণযোগ্য নির্বাচন চায়। তাই দলগুলো লিখিতভাবে প্রতিশ্রুতি দিলে আইনের প্রয়োগ আরও কার্যকর হবে।”

তিনি আরও বলেন, “আমরা নিরপেক্ষ নির্বাচন দিতে চাই। আমাদের কোনো গোপন এজেন্ডা নেই। আমাদের একমাত্র লক্ষ্য একটি সুস্থ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন।”

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নির্বাচন কমিশনাররাও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ ভোটগ্রহণের জন্য উন্মুক্ত মাঠ ব্যবহারের প্রস্তাব করলেও অন্য কমিশনাররা তা বাস্তবসম্মত নয় বলে মত দেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমান বলেন, “জনগণের অংশগ্রহণই নির্বাচনের বৈধতা নিশ্চিত করে। ভোটাররা যদি স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারেন, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

সম্প্রতি

আরও খবর