বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মন্তব্য করে বলেছেন, “জনগণের নাভিশ্বাস উঠে গেছে।” রোববার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “বাজারের অবস্থা ভালো নয়। রাজনৈতিক আলোচনায় যদি জনগণের পেটের কথা না ভাবা হয়, ক্রয়ক্ষমতা না থাকে, তবে মানুষ সরকারের ভাল কাজও সমালোচনা করবে।” সভাটি আয়োজন করে ‘বিশ্ব মানবাধিকার সংস্থা, বাংলাদেশ’, যার শিরোনাম ছিল ‘মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা’।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক অধ্যাপক বোরহান উদ্দীন খান মূল প্রবন্ধ পাঠ করেন। সভায় সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীকে অনুরোধ করছি, গরীব মানুষের দিকে লক্ষ্য রাখুন, যেন বাজারে নিত্যপণ্যগুলো ক্রয়সাধ্যের মধ্যে আসে।” তিনি চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দাবি জানান এবং বলেন, “এখন অনেকে বলছেন বিএনপি শুধু নির্বাচন নিয়ে কথা বলছে, সংস্কার ছাড়া নির্বাচন হচ্ছে না। সংস্কার আমরা প্রথম থেকেই প্রস্তাব করেছি।”
তিনি আরও বলেন, “যত দিন যাচ্ছে, গণতন্ত্রে উত্তরণের পথ যেন দীর্ঘায়িত করা না হয়, সেজন্য কিছু কুটকৌশল প্রণয়ন করা হচ্ছে। আমরা সেসব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।” সালাহউদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, “স্বৈরশাসক, গণহত্যাকারী শেখ হাসিনাকে এখনও অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকে গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা চেয়ে বাংলাদেশে রাজনীতি করতে দেখিনি।”
তিনি বলেন, “এই অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য তুলে ধরে আমরা যদি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি মানুষের সামনে তুলে ধরতে পারি, তাহলে স্বৈরাচার আর তৈরি হবে না।” সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম ও নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম বক্তব্য রাখেন। সভাটি সভাপতিত্ব করেন অধ্যাপক আব্দুল লতিফ মাসুম এবং সঞ্চালনা করেন আলী আকবর সিরাজী।



