ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সাম্প্রতিক সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন বাংলাদেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারের চ্যালেঞ্জ, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো বিষয় নিয়ে কথা বলেন।
এ বিষয়ে জামায়াতের আমির তার পোস্টে লিখেছেন, “বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অমর্ত্য সেন অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করেছেন। তার উচিত নিজের সমাজের আয়নায় নিজেকে দেখা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে টানা সাড়ে ১৫ বছর ধর্মনিরপেক্ষতার নামে ভণ্ডামি হয়েছে। অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে সাফাই গাইছেন, যা অগ্রহণযোগ্য।”
জামায়াতের বিষয়ে অমর্ত্য সেনের মন্তব্য প্রসঙ্গে শফিকুর রহমান দাবি করেন, “তিনি বদ্ধমূল ধারণা থেকে কথা বলেছেন, বাস্তবতা উল্টো।”
সংখ্যালঘু নির্যাতন নিয়ে অমর্ত্য সেনের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, “যাদের সংখ্যালঘু বলে চিহ্নিত করেছেন, তাদের ওপর নির্যাতনের মূল হোতা আওয়ামী লীগ। সাহস থাকলে তা প্রকাশ্যে বলুন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ পছন্দ করে না।”



