শক্তিশালী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। মঙ্গলবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছেন লাল সবুজের মেয়েরা। বাংলাদেশের হয়ে আলপি আক্তার, সুরভী আকন্দ ও অর্পিতা বিশ^াস গোল করেন। ভারতের হয়ে এক গোল শোধ দেন আনুশকা কুমারী।
টানা দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।
নেপালের বিপক্ষে ব্যাথা পাওয়ায় এই ম্যাচে অনিশ্চিত ছিলেন সুরভী আকন্দ প্রীতি। কিন্তু প্রতিপক্ষ ভারত বলেই ডাগআউটে বসে থাকতে পারেননি তিনি। নেমে পড়লেন মাঠে। আর নেমেই দলের প্রয়োজনে গোল করলেন এই ফরোয়ার্ড।
ম্যাচর নবম মিনিটে লাল-সবুজ দল এগিয়ে যায়, অনেকটা ভাগ্যপ্রসূত। আলপি আক্তারের দূরপাল্লার শট গোলকিপার সুরাজমুনি কুমারী লাফিয়ে উঠে ধরার চেষ্টা করলেও বল ছুটে গিয়ে জড়িয়ে যায় জালে।
এক গোলে পিছিয়ে থেকে ভারত ম্যাচে ফেরার চেষ্টা করে। ১৮ মিনিটে ভারতের লংগাজাম নিরার শট গোলকিপার তালুবন্দি করেন।
বিরতির পরও ভারত দাপট দেখাতে থাকে। ৫২ মিনিটে জটলা থেকে অর্পিতা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বক্সের প্রান্ত থেকে সেতার রানির ডান পায়ের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে।
৫৫ মিনিটে ভারত ঠিকই সমতায় ফেরে। ডান প্রান্তে প্রায় বাইলাইন থেকে আনুষ্কা কুমারীর সরাসরি শট দূরের পোস্টের ভেতরে লেগে গোল হয়।
৬৬ মিনিটে বাংলাদেশ আক্রমণে যায়। সেটপিস থেকে ভালো সুযোগ পায়। আলপির ফ্রি-কিকে বক্সের ভেতরে একজনের হেড গোলকিপার কোনোমতে সেভ করেন।
৭১ মিনিটে ভারতের আনুষ্কার শট দূরের পোস্ট দিয়ে যায়। বাংলাদেশ শেষ ১২ মিনিটে প্রতিপক্ষকে চাপে রেখে। ৭৮ মিনিটে দারুণ গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন প্রীতি। মধ্যমাঠ থেকে বল নিয়ে দুই ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে লাল-সবুজ দলের মুখে আবারও হাসি ফিরিয়ে আনেন।
৮৯ মিনিটে বাংলাদেশ তৃতীয় গোল করে ভারতকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়। অনন্যা মুরমুর কর্নারে গোলকিপার ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি, বল চলে আসে পেছনে। সেখানে অন্য ডিফেন্ডারদের মাঝ থেকে অর্পিতা বিশ্বাস আলতো শটে জাল কাঁপান (৩-১)।
গত মাসে সাফের অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ও ভারত ম্যাচে অনেক নাটকীয়তা হয়েছিল। নির্ধারিত সময় ১-১ হওয়ার পর সরাসরি টাইব্রেকারে গড়ায় খেলা। টাইব্রেকারে দুই দলই ১১টি সমান গোল করেন। এরপর আকস্মিকভাবে ম্যাচ কমিশনার টস করেন। এতে বাংলাদেশ হেরে আপত্তি করে। পরবর্তীতে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ঐ ঘটনার পর বাংলাদেশ-ভারত আবার নারী ফুটবলে মুখোমুখি হয়েছে। সেই লড়াইয়ে বাংলাদেশ জেতায় খানিকটা মানসিক স্বস্তিতে রয়েছে। যদিও দু’টি দল ভিন্ন পর্যায়ের।
৮ মার্চ একই ভেন্যুতে লীগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ভুটানি। ১০ মার্চ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারত কিংবা নেপাল। দুই দলেরই অর্জন দুই ম্যাচে ৩ পয়েন্ট করে।



