সাফের আরও একটি বয়স ভিত্তিক আসরে শিরোপা লড়াইয়ের জন্য মাঠে নামছে বাংলাদেশের কিশোরীরা। সাফ অ-১৬ মেয়েদের ফুটবলের ফাইনালে রোববার সুরভী আকন্দরা লড়বে ভারতের মেয়েদের বিপক্ষে। বেলা সোয়া তিনটায় আনফা কমপ্লেক্সে শুরু হবে ফাইনাল দ্বৈরথ। সাফের বয়সভিত্তিক আসরের ফাইনাল মানেই যেন বাংলাদেশ ও ভারত। দক্ষিণ এশিয়ায় মেয়েদের ফুটবলে দুই পরাশক্তির লড়াই দেখার জন্য উদগ্রিব ফুটবলামোদীরাও। যদিও গ্রুপ পর্বের পারফরমেন্সের নিরিখে ফাইনাল দ্বৈরথে এগিয়ে বাংলাদেশই।
গ্রুপ পর্বে বাংলাদেশ নেপালকে ২-০, ভারতকে ৩-১ এবং ভুটানকে ৬-০ গোলে হারিয়েছে। অন্যদিকে ভারত হারিয়েছে নেপাল ও ভুটানকে। আর হেরেছে লাল সবুজের মেয়েদের কাছে। তাই শিরোপা লড়াইয়ে স্পষ্ট ফেবারিট অর্পিতা বিশ^াস বাহিনী। সব কিছু ছাপিয়ে লড়াইটা হয়ে উঠতে পারে বাংলাদেশের অন্যতম সেরা ফরোয়ার্ড সুরভী আকন্দ এবং ভারতের আনুষ্কা কুমারী ও পার্ল ফার্নান্দেজের মধ্যে। কারণ ময়দানী লড়াইয়ে সুরভী প্রতিপক্ষের জালে পাঁচ গোল করে সবাইকে ছাড়িয়ে এগিয়ে রয়েছেন। তার পেছনেই রয়েছেন আনুষ্কা ও পার্ল।
তবে ফাইনাল জেতা সহজ হবে না, তা বুঝতে পারছেন বাংলাদেশ কোচ। তাই প্রতিপক্ষকে সমীহ করে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সেরা দুই দল ফাইনালে খেলছে। ফাইনাল সবসময় ফাইনালের মতোই। যেকোনো কিছু হতে পারে। আপনাকে দুই দলকেই সম্মান করতে হবে। শক্তি-দুর্বলতা খুঁজে নিতে হবে। তবে আমরা আশা করছি ফাইনালে ভালো কিছু দেখাতে পারবো। আমাদের জন্য স্মরণীয় ফাইনাল হবে এটা।’
লীগ পর্বের ম্যাচের অভিজ্ঞতা কেমন ছিল, তা আবারও মনে করিয়ে দিলেন সাবেক মিডফিল্ডার, ‘আমরা একে অন্যের বিপক্ষে আগে খেলেছি। দুই দলই সবার সম্পর্কে জানে, যা সবার পরিকল্পনায় থাকছে। কিন্তু মাঠে পরিকল্পনা অনুযায়ী খেলাটা বড় বিষয়। মাঠে কম ভুল করতে হবে। তাহলেই কাক্সিক্ষত ফল পাওয়া সহজ হতে পারে।’
ভারতের কোচ বিবি থমাস মুত্থা লীগ পর্বের ম্যাচে হারের স্মৃতি ভুলে যেতে চাইছেন। ভুলত্রুটি সংশোধন করে এগিয়ে যেতে চাইছেন, ‘কাল আমাদের জন্য নতুন দিন। অতীত ভুলে যেতে চাই। আমরা ভালো অবস্থানে আছি। সবাই ফাইনালে খেলার জন্য প্রস্তুত আছি। তবে শঙ্কা হলো ছোট ভুল নিয়ে। আশার কথা সেটা মেয়েরা বুঝতে পারছে।’



