জয় দিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করার লক্ষ্য নিয়েই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। লাহোরে ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়।
অস্ট্রেলিয়া টুর্নামেন্টের জন্য ঘোষিত দল থেকে প্রথম সারির পাঁচ খেলোয়াড়কে হারায়। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ ছিটকে যান। ব্যক্তিগত কারণে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নেন আরেক পেসার মিচেল স্টার্ক। আবার দল ঘোষণা পর হঠাৎ করেই ওয়ানডে থেকে অবসর নেন মার্কাস স্টয়নিস।
এই পাঁচ জনের বদলি হিসেবে অস্ট্রেলিয়া দলে নেয়া হয়েছেÑ জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, সিন অ্যাবট, বেন ডোয়ার্শিস, স্পেনসার জনসন ও তানভীর সাঙ্গাকে।
নিয়মিত অধিনায়ক কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব পান স্টিভেন স্মিথ। তার নেতৃত্বেই শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে ভিন্ন রূপে দেখা যাবে বলেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্মিথ, ‘শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবো। লঙ্কান সিরিজের ফল দলে কোনো প্রভাব ফেলবে না। বড় মঞ্চে পারফরমেন্স করার জন্য সবাই মুখিয়ে আছে।’
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের দু’দিন আগেই একাদশ ঘোষণা করে ইংল্যান্ড।
ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ। ফিরেছেন পেসার ব্রাইডন কার্সও। অন্য দুই পেসার জোফরা আর্চার ও মার্ক উডের সঙ্গী হবেন তিনি। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন শুধুমাত্র আদিল রাশিদ।
ইংল্যান্ডেরও সাম্প্রতিক ওয়ানডে রেজাল্ট ভালো নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় ইংলিশরা।
ম্যাক্সওয়েল ফর্মে থাকলে ভালো কিছুই করবে অস্ট্রেলিয়া
আইসিসির সঙ্গে আলাপে ওয়াটসন বলেছেন, ম্যাক্সওয়েল ফর্মে থাকলে ভালো কিছুই করবে অস্ট্রেলিয়া। ‘আমার চোখে গ্লেন ম্যাক্সওয়েল অসাধারণ খেলোয়াড়। আমার বিশ্বাস, আগামী দুই বা তিন বছর তার সেরা ক্রিকেট দেখা যাবে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সে যদি দাপট না দেখায়, তাহলে আমি খুব অবাক হব।’
‘২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তার সেই অবিশ্বাস্য ইনিংস আছে, যেখানে সে ডাবল সেঞ্চুরি করেছিল, কিন্তু ধারাবাহিক থাকতে মাঝে মধ্যে তাকে সংগ্রাম করতে হয়েছে। দলে তার ভূমিকার প্রকৃতিই এটা। তবে এখন মনে হচ্ছে, সবকিছুই তার জন্য ঠিক হয়ে গেছে। তাই আমি মনে করি, সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমার মতে, অস্ট্রেলিয়াকে হারানো খুব কঠিন হবে, এমনকি তাদের বোলিং স্কোয়াড ততটা অভিজ্ঞ না হওয়ার পরও।’



