Thursday, March 5, 2026
হোমমতামতসম্পাদকীয়মানুষের নিষ্ঠুরতার বলি হাতি

মানুষের নিষ্ঠুরতার বলি হাতি

সম্পর্কিত সংবাদ

রাঙামাটির কাপ্তাইয়ের ডংনালা এলাকায় গত রোববার মাটি খুঁড়ে মৃত হাতির হাড়গোড় উদ্ধার করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন বিভাগ ডংনালার চন্দনিপাড়ার একটি পাহাড়ের মাটি খুঁড়ে হাতির নিচের চোয়ালের অংশ, পায়ের হাড়সহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে। হত্যার পর হাতিটির মাংস রেখে হাড়গোড় মাটিচাপা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ হত্যাকা- ঘটিয়েছে সেটা জানা যায়নি।

হাতিসহ অন্যান্য বন্যপ্রাণী প্রায়ই মানুষের নিষ্ঠুরতার শিকার হচ্ছে। নানান কারণে হাতি হত্যা করা হয়। চোরাশিকারিরা যেমন হাতি হত্যা করে তেমন সাধারণ মানুষও এ ধরনের নিষ্ঠুর কাজ করে। এর আগে কক্সবাজারের রামু উপজেলার ধোয়াপালং গ্রামের একটি ধানখেতে বৈদ্যুতিক শক দিয়ে একটি বন্যহাতিকে হত্যা করা হয়েছে। হত্যা করার পর হাতিকে ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরো টুকরো করে মাটিতে পুঁতে ফেলা হয়। এ নিয়ে তখন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। বন বিভাগ সেই হাতির মৃতদেহ উদ্ধার করেছিল।

বন্যপ্রাণী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইউসিএন এশীয় প্রজাতির হাতিকে ‘মহা-বিপন্নের তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে। অনেক সময় খাবারের সন্ধানে লোকালয়ে এসেও মানুষের আক্রমণের শিকার হয় হাতি। এখানে এসে বৈদ্যুতিক শকে বা গুলিতে সেগুলো মারা যায়। এছাড়া বনভূমিতে অবৈধ বসতবাড়ি, পানের বরজ, খেতখামার, ঘের, বিদ্যুৎ সংযোগসহ বিভিন্ন কর্মকা- হাতিসহ অন্যান্য প্রাণীর জন্যহুমকি তৈরি করেছে। বনে হাতির নিরাপদ আবাস, খাদ্য ও পানির সংকট তীব্র।

হাতি রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে বরাবরই প্রশ্ন রয়েছে। আমরা বলতে চাই, হাতির পাশাপাশি অন্যান্য বন্যপ্রাণী রক্ষায় সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এ কাজে স্থানীয় বাসিন্দাদেরও যুক্ত করতে হবে। হাতি হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হাতি রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, তা না হলে এর অস্তিত্বই হয়ত একসময় বিলুপ্ত হবে। দেশে বন্যপ্রাণী সুরক্ষায় আইন রয়েছে। সংশ্লিষ্টরা বলেন, আইনটি যথেষ্ট শক্তিশালী। সমস্যা হচ্ছে, আইনের যথাযথ প্রয়োগ করতে দেখা যায় না। আমরা আইনটির বাস্তব প্রয়োগ দেখতে চাই। পাশাপাশি বন বিধ্বংসী কাজ থেকে মানুষকে বিরত থাকতে হবে। বন অথবা বন্যপ্রাণীকে ধ্বংস করে মানুষ টিকে থাকতে পারবে না।

সম্প্রতি

আরও খবর