Thursday, March 5, 2026
হোমমতামতপাঠকের চিঠিমেট্রোরেলে টিকেট ভোগান্তি

মেট্রোরেলে টিকেট ভোগান্তি

সম্পর্কিত সংবাদ

রাজধানীতে নাগরিকদের কর্মময় ব্যস্ত জীবনে স্বস্তি ফিরিয়ে দিয়েছে মেট্রোরেল। নতুন করে গতি এনে দিয়েছে জনজীবনে। যানজটের ঢাকা শহরে এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত অল্প সময়ের মধ্যেই যাতায়াত করতে পারছে সব শ্রেণী-পেশার মানুষ।

যানজটের ব্যস্ত শহরে সময়ের মূল্য দিতে মানুষ ছুটে আসে নগরীর মেট্রোরেল স্টেশনগুলোতে। স্বল্প বিরতি নিয়ে এই রুটে চলে একের পর এক ট্রেন। মেট্রোরেলের এই গতিময় পথচলায় মানুষকে নতুন করে এখন আরেক ভোগান্তি পোহাতে হচ্ছে। যাত্রীদের টিকেট সংগ্রহের জন্য স্টেশনগুলোতে রয়েছে ডিজিটাল ও ম্যানুয়াল টিকেট কাউন্টার। এই কাউন্টারে দেয়া হয় সিঙ্গেল জার্নি ও পারমানেন্ট জার্নি টিকেট।

আর এই কাউন্টারগুলোর সামনে সিঙ্গেল জার্নি টিকেট সংগ্রহের জন্য থাকে যাত্রীদের দীর্ঘ লাইন। নিজের অনিচ্ছা সত্ত্বেও দীর্ঘ সময় ব্যয় করতে হয় এই টিকেট সংগ্রহে। যাত্রাপথে স্বস্তির ছোঁয়া থাকলেও প্রতিনিয়ত টিকেট সংগ্রহের এ ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে, জলাঞ্জলি দিতে হচ্ছে মূল্যবান অনেক সময়। বিভিন্ন উৎসব, অনুষ্ঠান, আয়োজন ও বিশেষ দিনগুলোতে এ সমস্যা প্রকোপ আকার ধারণ করে।

তাই নগরের মানুষের জনজীবনকে আরও গতিশীল করতে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলতে আরো বেশিসংখ্যক ডিজিটাল টিকেট কাউন্টার বৃদ্ধি ও মেট্রোরেল স্টেশনে জনবল নিয়োগ এখন সময়ের দাবি। এছাড়া নিয়মিত যাত্রীদেরকে ‘এমআরটি পাস’ টিকেট সংগ্রহে অনুপ্রেরণামূলক কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।

মেট্রোরেলে চলাচলে সময় সাশ্রয় করার বিবেচনায় এই সব প্রয়োজন পূরণের তাগিদে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণে মেট্রোরেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শাকিব আল হাসান রাকিব

সম্প্রতি

আরও খবর