দু’জনের ভাত
নির্মলেন্দু গুণ
গত রাত্রির বাসী ভাত খেতে খেতে
মনে কি পড়ে না? পড়ে।
ভালো কি বাসি না? বাসি।
শ্লথ টেপ থেকে সারা দিন জল ঝরে,
সেই বেনোজলে এঁটো মুখ ধুয়ে আসি।
গত রাত্রির বাসী ভাত খেতে খেতে
প্রেম কি জাগে না? জাগে।
কিছু কি বলি না? বলি।
তিতাস শিখায় যতটুকু তাপ লাগে,
অনুতাপে আমি তার চেয়ে বেশি গলি।
গত রাত্রির বাসী ভাত খেতে খেতে
আমি কি কাঁদি না? কাঁদি।
কাঁচা কাকরুল ভাজার কবিতা লেখি,
বড়-ডেকচিতে দু’জনের ভাত রাঁধি।
গত রাত্রির বাসী ভাত খেতে-খেতে
কিছু কি ভাবি না? ভাবি।
ভেবে কি পাই না? পাই।
তবু কি ফুরায় তুমি-তৃষ্ণার দাবী?
ভাত বলে দেয়, তুমি নাই, তুমি নাই।
কেন অন্ধ কেন সে কাঙাল
হাসান হাফিজ
বিভ্রম বলেছি ওকে,ঠারেঠোরে ইঙ্গিতে বলেছি।
ভালোবাসা ভুল করে হুলস্থুল বাধালো কেন যে!
নিভৃতি সে ভালোই বাসে না, ইচ্ছা করে কাছেও আসে না,
প্রকাশিত হয় দ্রুত, নিন্দা হুল বুক পেতে নেয়
বিষও পান করে ফেলে আবেগের উষ্ণতাবশত
কী করে ঠেকাই বলো এরকম অনিদ্র পতন?
নিজে নিজে নিমজ্জিত ম্লান দুরাশায়
ভেসে উঠতে চাইলেও পারছে না,
তার জন্যে শঙ্কা ক্ষোভ আহা উহুঁ নাই
সেও কিন্তু বিভ্রমেরই আলোছায়া, মরীচিকা মায়া
চোরাগোপ্তা টালমাটাল আশনাই-
ভালোবাসা এত বেশি নির্লজ্জ কেন যে
ভালোবাসা এত অন্ধ সর্বনাশা দৈন্যে দেউলিয়া
মতিভ্রষ্ট কাঙালও কেন যে!



